চীনা কোম্পানির ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলে

Total Views : 56
Zoom In Zoom Out Read Later Print

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি এক্সেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৬.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যার মাধ্যমে এক হাজার ৩৯৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি বার্ষিক চার মিলিয়ন কেজি বিভিন্ন ধরনের গার্মেন্টস ও লেদার এক্সেসরিজ উৎপদান করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে– ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিব প্রভৃতি।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান শিল্প স্থাপনে সহজীকরণ, দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস

See More

Latest Photos