আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ

Total Views : 15
Zoom In Zoom Out Read Later Print

জামালপুরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মো. তাইফুর রহমান (৪০) নামে সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

৫ মার্চ রাত ২টার দিকে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। অভিযুক্ত হোসাইন মো. তাইফুর রহমান দড়িপাড়া মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে তাইফুর রহমানের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। সেখানে গিয়ে ঘরের কাচের জানালা ভেঙে খাটের উপর তানিয়ার পোড়া লাশ দেখতে পায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করে। এ সময় তাইফুর রহমানকে আটক করে মারধর করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

তানিয়ার মামা মনোয়ার হোসেন কর্নেল বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে তানিয়া। মধ্যরাতে শুনি তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

See More

Latest Photos