কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। এখন থেকে দাওরায়ে হাদিস ও হায়াতুল উলইয়া পাস করা শিক্ষার্থীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির একটি প্রতিনিধি দলের সাথে ‘জামেয়া ইমাম মুসলিম (রহ.)’ কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উভয় পক্ষ কওমী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সম্পৃক্ত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এ লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় ব্রিজ কোর্স চালু এবং একাডেমিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে, অন্যদিকে শিক্ষার্থীরা আধুনিক উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে প্রশাসন, গবেষণা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাবে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তির পথ উন্মুক্ত,কওমী শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার ড. বেলাল নুর আজিজী, সহকারী পরিচালক দরবেশ আলী আরমান এবং সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম। অন্যদিকে, জামেয়া ইমাম মুসলিম (রহ.)-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ ছলাহুল ইসলাম, সহকারী পরিচালক মুহাম্মদ ওসমান এবং শায়খুল হাদিস মাওলানা আব্দুল গফুর নদীম। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা উঠে আসে। এছাড়া যৌথভাবে সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার কাউন্সেলিং ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন সূচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।