ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর ‘ভুয়া’ ভেবে , ভাঙল হাত

Total Views : 6
Zoom In Zoom Out Read Later Print

হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে ‘ভুয়া কর্মকর্তা’ সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এই হামলায় ওই কর্মকর্তার ডান হাতের হাড় ভেঙে গেছে।৯ মে দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম শনিবার দুপুরে দুর্গারামপুর এলাকার ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’র মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে পরিদর্শনে আসায় ব্যবসায়ী হাবিবুরের মনে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে হাবিবুর ও তার কর্মচারীরা মিলে ওই কর্মকর্তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এসময় ওই কর্মকর্তাকে বাঁচাতে আসা সবুজ মিয়া নামে এক ব্যক্তিকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, মারধরের ফলে সাইফুল ইসলামের ডান হাতের কনুইয়ের ওপরের অংশ ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল থেকে মুঠোফোনে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তিনি পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর ও তার কর্মচারীরা কোনো কথা না শুনেই তাকে বেঁধে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, রাজস্ব বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত কর্মকর্তা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় আজ সোমবার (১১ মে) বাঞ্ছারামপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন যে, আজ সোমবার তারা থানায় অভিযোগ দায়ের করবেন। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

See More

Latest Photos