সাভার চামড়া শিল্পনগরী ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত

Total Views : 32
Zoom In Zoom Out Read Later Print

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় এক কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী (বিসিক)। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল থেকেই রাজধানী ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর কাঁচা চামড়াবাহী যানবাহন এই শিল্পনগরীতে আসতে শুরু করবে। এই বিপুল চামড়া প্রক্রিয়াজাত ও সংরক্ষণের জন্য শিল্পনগরীর সচল ১৪৩টি কারখানায় এখন চলছে দিন-রাত বিরামহীন প্রস্তুতি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচা চামড়া দ্রুত লবণজাত ও সংরক্ষণ করার জন্য ট্যানারির ভেতরের জায়গাগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছেন স্থায়ী কর্মীরা। চামড়া জটের চাপ সামাল দিতে কারখানাগুলোতে বিপুল মৌসুমী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চামড়া সংরক্ষণের সবচেয়ে প্রধান উপাদান লবণ, সাদা চুনসহ প্রয়োজনীয় সব ধরনের দেশি-বিদেশি রাসায়নিক দ্রব্য (কেমিক্যাল) ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত ও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।

ট্যানারিগুলোর বর্জ্য ও ময়লা-আবর্জনা যাতে দ্রুত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে (সিইটিপি) পাঠানো যায়, তা নিশ্চিত করতে বিসিকের পক্ষ থেকে অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। তবে শিল্পনগরীর ভেতরের ভাঙাচোরা সড়ক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন চামড়ার আড়তদার ও শিল্প মালিকরা। তাঁরা আশঙ্কা করছেন, রাস্তাঘাটের বেহাল দশার কারণে চামড়াবাহী ট্রাক প্রবেশের সময় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।

এদিকে, ঈদের এই পিক-টাইমে সিইটিপির প্রয়োজনীয় সংস্কার ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পনগরী ও এর আশপাশের এলাকায় ঢাকা জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাভার অভিমুখে আসা চামড়াবাহী যানবাহনে কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See More

Latest Photos