ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন গুগলের , নতুন ব্যবহারকারীরা চাপে

Total Views : 15
Zoom In Zoom Out Read Later Print

নতুন গুগল অ্যাকাউন্টে ফ্রি স্টোরেজ সুবিধায় বড় পরিবর্তন আনছে টেক জায়ান্ট গুগল। আগে যেখানে প্রতিটি ব্যবহারকারী নতুন অ্যাকাউন্ট খুললে ১৫ জিবি স্টোরেজ পেতেন, এখন তা কমে মাত্র ৫ জিবি হতে পারে। তবে ফোন নম্বর যুক্ত ও ভেরিফাই করলে পূর্ণ সুবিধা মিলতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর তথ্যানুযায়ী, গুগল এখন নতুন অ্যাকাউন্টে ‘আপ টু ১৫ জিবি’ শর্তযুক্ত স্টোরেজ দেখাচ্ছে। অর্থাৎ সব ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ১৫ জিবি পাবেন না। গুগল জানিয়েছে, এটি একটি পরীক্ষামূলক পরিবর্তন, যার উদ্দেশ্য হলো একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে অতিরিক্ত স্টোরেজ সুবিধা নেওয়া ঠেকানো এবং অ্যাকাউন্টের নিরাপত্তা ও রিকভারি উন্নত করা। একজন গুগল মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট কিছু অঞ্চলে এই নতুন স্টোরেজ নীতিমালা পরীক্ষা করা হচ্ছে। এতে ব্যবহারকারীদের ফোন নম্বর যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে।

তবে এই পরিবর্তন সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকরা। অনেক ক্ষেত্রে ফোন নম্বর ছাড়া অ্যাকাউন্ট খুললে ৫ জিবি সীমা দেখা যেতে পারে, আবার নম্বর যুক্ত করলে আগের মতো ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গুগলের এই পদক্ষেপ মূলত স্টোরেজ ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারের অংশ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। 

See More

Latest Photos