সিনেমা হল চলবে সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধ হলেও

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনা আবারও কার্যকর হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার যে অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় সেই সুবিধা আর থাকছে না তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মলের ভেতরে থাকা প্রেক্ষাগৃহগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী শো পরিচালনা করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি জানান, ঈদের আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল, যাতে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে শপিং মল বন্ধের নির্দেশনার আওতার বাইরে রাখা হয়।

তার ভাষ্য, ‘মন্ত্রণালয় থেকে আমাদের ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। তাই যেসব সিনেমা হল শপিং মলের সঙ্গে যুক্ত, সেগুলোর প্রদর্শনী নিয়ে দর্শকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

একই তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শপিং মল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শনে কোনো ধরনের প্রভাব পড়বে না।

ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে ঈদের সিনেমাগুলোর প্রদর্শনী স্বাভাবিকভাবেই চলবে।

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এগুলো হলো ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ এবং ‘তছনছ’।

See More

Latest Photos