জামায়াতের দুঃখ প্রকাশ ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ জুন) দেওয়া এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, ওই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনায় জামায়াতে ইসলামী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, ধানমন্ডি জোনে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না বলেও তিনি উল্লেখ করেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখতে দলীয়ভাবে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। কোনো পর্যায়ের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দল আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি সহমর্মিতা জানান।

See More

Latest Photos