বিশ্বকাপ ফুটবল শুধু দলগত লড়াই নয়, নজর কাড়ছে ব্যক্তিগত রেকর্ডেরও। আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই প্রজন্মের দুই মহাতারকা—লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন চলছে তাদের রোমাঞ্চকর লড়াই।
এমবাপ্পে,মেসির যে রেকর্ডের খুব কাছে
বিশ্বকাপ শুরুর আগে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার। তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এখন বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন।
তবে মেসির রেকর্ডে হুমকি হয়ে উঠেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়েছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে তিনি ক্লোসার ১৬ গোলের রেকর্ডও পেছনে ফেলেছেন।
এখন মেসির ১৯ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল। চলতি বিশ্বকাপে এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন তিনি। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করার পর নকআউট পর্বের প্রথম ম্যাচেও জোড়া গোল করে নিজের গোলখাতা আরও সমৃদ্ধ করেছেন।
অন্যদিকে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে মেসির সামনেও। নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোল করতে পারলে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যেতে পারবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ফলে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের চোখ এখন থাকবে আরেকটি রোমাঞ্চকর প্রতিযোগিতায়—বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে শেষ পর্যন্ত কে থাকবেন, মেসি নাকি এমবাপ্পে?