যৌতুক না পাওয়ায় আসেনি বর,বিয়ের সব আয়োজন সম্পন্ন

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

বিয়েবাড়িতে রান্না শেষে বরযাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে কনে বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন। তবে দিনশেষে বরযাত্রী আসেনি।

বিয়ের আগে বরপক্ষ ৮ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ কনেপক্ষের। ওই দাবি পূরণ না হওয়ায় শেষ মুহূর্তে বিয়ে করতে আসেননি বর। তবে বরপক্ষ বলছে ভিন্নকথা।

সোমবার (১৩ জুলাই) কনের বাবা রংপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে। তার বাবার অভিযোগ, মেয়ের সঙ্গে তারাগঞ্জ উপজেলার এক যুবকের বিয়ে ঠিক হয়। রোববার রাতে বিয়ের দিনক্ষণ ছিল। বরযাত্রী আপ্যায়নের জন্য বাজার, রান্নাবান্না, প্যান্ডেল করাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। 

কিন্তু বিয়ের ঠিক আগে আগে বরপক্ষ জানায়, যৌতুক হিসেবে ৫ লাখ টাকা এবং ঘর সাজানোর জন্য আরও ৩ লাখ টাকা দিতে হবে। তা না দিলে বিয়ে হবে না। তবে অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি।

ভুক্তভোগী কনের বাবা বলেন, আমার মেয়ের গায়ে হলুদ মাখানো হয়েছে। এখন সমাজে মুখ দেখাতে পারছি না।

এদিকে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের বাবা। তিনি বলেন, আমরা তো এক টাকাও যৌতুক চাইনি। ১ লাখ টাকা দেনমোহর করতে বলেছিলাম। কিন্তু কনের পরিবারের লোকজন ৫ লাখ টাকা দেনমোহর করতে চায়। এ কারণে ছেলে বিয়েতে যায়নি। তবে মেয়ের পরিবার ক্ষতিপূরণ চাইলে তা দিতে রাজি আছি।

ইউএনও মোনাব্বের হোসেন বলেন, আমার কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আমাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি।

উল্লেখ্য, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারা অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন ১ বছরের কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান আছে।

See More

Latest Photos