ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই ইউনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর বড় ছেলে।
বজ্রপাতে কৃষকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময়
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজলুল করিম তাদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি ফজলুলের ওপর আঘাত হানে। বজ্রাঘাতে তার শরীরের বাঁ দিক এবং গলার নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।