রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন

Total Views : 3
Zoom In Zoom Out Read Later Print

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘনিয়ে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এমন খবর প্রকাশ করেছে গোলডটকম। প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানিয়েছেন, হঠাৎ করে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।

দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই সবাই ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা করেন। তবে বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ নেই এবং তিনি এমন সিদ্ধান্ত নেবেন না যা দলের ভারসাম্য নষ্ট করে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে রোনালদো রেখে যাবেন এক অনন্য উত্তরাধিকার। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলে।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত অর্জনেও সমান উজ্জ্বল রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

বর্তমানে ৪১ বছর বয়সি রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৭৬ গোল করা এই ফরোয়ার্ডের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে ক্লাব ফুটবলে আরও বেশি মনোযোগ দেবেন বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

See More

Latest Photos