ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হলে নিরস্ত্রীকরণ নয়: গাজি হামাদ
যে শর্তে ফিলিস্তিন জাতীয় কমিটির কাছে অস্ত্র হস্তান্তরে রাজি হামাস
গাজার নতুন প্রশাসনিক কাঠামো গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে নিজেদের অস্ত্র তুলে দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কার্যকর হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ এই শর্তের কথা জানিয়েছেন। তিনি জানান, প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর কাঠামোর আওতায় গঠিত ফিলিস্তিনি জাতীয় কমিটির নিকট অস্ত্র হস্তস্তরের এই পরিকল্পনা করা হয়েছে।
চুক্তির মূল শর্তসমূহ
গাজি হামাদ বলেন, উভয় পক্ষের অনুমোদনের পর চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের কাজটি শুরু করতে হবে ইসরায়েলকে। এই চুক্তির শর্ত অনুযায়ী:
ফিলিস্তিনি জাতীয় কমিটি এবং আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশ করতে হবে।
একই সঙ্গে ইসরায়েল-সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকেও একই ধরনের বার্তা দিয়েছিলেন হামাদ। তিনি স্পষ্ট করে বলেছিলেন, ইসরায়েল যদি চুক্তির শর্ত অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে হামাসও নিরস্ত্রীকরণসহ চুক্তির কোনো ধারা বাস্তবায়ন করবে না।
হামাসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অঞ্চলটির পুনর্গঠন কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে নিরস্ত্রীকরণের মতো বড় পদক্ষেপে এগোবে না তারা।