বিজিএমইএর মহাসচিব হিসেবে সাহেদুল ইসলাম দায়িত্ব নিলেন

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম। ১ আগস্ট সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক প্রশাসন, আন্তর্জাতিক কূটনীতি, উচ্চ শিক্ষা এবং নেতৃত্বের ক্ষেত্রে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা আছে ড. সাহেদুল ইসলামের। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা (ডিফেন্স অ্যাটাশে) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন ও উন্নয়ন বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পাশাপাশি এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

ড. সাহেদুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোষাধ্যক্ষ ও অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিবের প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং কৌশলগত নেতৃত্ব দেশের তৈরি পোশাক শিল্পকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করবে। বিশেষ করে, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করা এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

দায়িত্ব গ্রহণের পর ড. মো. সাহেদুল ইসলাম বলেছেন, “দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”

বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

See More

Latest Photos