হরমুজ প্রণালি দখল সম্ভব নয় টুইট করে : ইরান

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘরিবাবাদি বলেন, ইরান কোনো হুমকিতে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে নতি স্বীকার করানো যাবে না। তাঁর মন্তব্যটি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সরাসরি জবাব হিসেবে এসেছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি খুব শিগগির হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্প আরও দাবি করেন, বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইরান ওই দাবি প্রত্যাখ্যান করেছে।

 

ঘরিবাবাদি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের কর্তৃত্বের অধীনেই থাকবে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বা রাজনৈতিক ঘোষণার কোনো প্রভাব পড়বে না।

 

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে এই জলপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মাত্র দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে এবং কোনো অপরিশোধিত তেল পরিবহন হয়নি।

 

হরমুজকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে। জলপথটির নিয়ন্ত্রণ, জাহাজ চলাচল এবং নিরাপত্তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো পরস্পরবিরোধী। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স

See More

Latest Photos