চেয়ারম্যানকে অবরুদ্ধ ও নাজেহাল: বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটির ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি, আরও ৫ জন কর্মকর্তার বেতন কমিয়ে সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকালের সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিএসইসি সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করে। আজ বুধবার বরখাস্ত হওয়া কর্মকর্তারা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক চিঠি সংগ্রহ করেন।

জানা গেছে, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনারদের চার ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে।

ওই ঘটনার পরদিন বিএসইসি চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ফৌজদারি মামলার পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলা পরিচালিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হওয়া তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মোট ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ২৩ জনের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে অন্য অভিযোগে বরখাস্তের আদেশ থাকায় বাকি ২২ জনের বিরুদ্ধে এই নতুন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো। এর মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৫ জনের বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।

See More

Latest Photos