১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের ঐতিহাসিক বলটি সম্প্রতি নিলামে প্রায় ৩৪ লাখ মার্কিন ডলারে (প্রায় ৪১.৭ কোটি টাকা) বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে আয়োজিত এই নিলাম থেকে আয় প্রায় ১ কোটি ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হলেও শেষ পর্যন্ত তা এই দামেই নির্ধারিত হয়। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের স্মরণীয় জয়ের সেই ম্যাচে হাত দিয়ে একটি বিতর্কিত গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। পরবর্তীতে ইংরেজ গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানানো সেই গোল সম্পর্কে সাংবাদিকদের ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, গোলটি ছিল "খানিকটা ম্যারাডোনার মাথা আর খানিকটা খোদার হাতের ছোঁয়া।" একই ম্যাচে ইংলিশদের পাঁচ ফুটবলার ও গোলরক্ষককে একক নৈপুণ্যে কাটিয়ে তিনি যে অবিশ্বাস্য দ্বিতীয় গোলটি করেন, তা পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা গোল হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। নিলামের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে উল্লেখ করেন, "এটি একেবারেই অনন্য এক সম্পদ। নিঃসন্দেহে ফুটবলের ইতিহাসের সবচেয়ে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ স্মারক এটি।"
ম্যারাডোনার সেই 'ঐতিহাসিক' গোলের ৪১ কোটি টাকা! ফুটবলের দাম উঠল