উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের দুটি যুদ্ধজাহাজের মধ্যে এক বিপজ্জনক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক গতিতে ভারতীয় যুদ্ধজাহাজের অত্যন্ত কাছাকাছি চলে আসলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের উপ-রাষ্ট্রদূতকে (চার্জ দ্য অ্যাফেয়া র্স) তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)।
যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষ আরব সাগরে ভারত ও পাকিস্তানের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানের যুদ্ধজাহাজের এমন "অপেশাদার" আচরণের কারণে ভারতের একটি যুদ্ধজাহাজের সাথে তা ধাক্কা খায়। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ১৯৯১ সালের এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক মহড়া ও সৈন্য পরিচালনা সংক্রান্ত চুক্তি’র ১০ নম্বর ধারা সম্পূর্ণ লঙ্ঘন করেছে পাকিস্তানি নৌবাহিনীর এই পদক্ষেপ। এ বিষয়ে ইসলামাবাদেও নিযুক্ত ভারতের উপ-রাষ্ট্রদূতকে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরুপ কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল চলাকালে দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এই ধরনের সরাসরি সংঘর্ষ বা মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।