ইরান যুদ্ধে নিহত সেনার সংখা পেন্টাগন কমিয়ে প্রকাশ করে !

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

চলমান ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাসদস্য নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ হতাহত তথ্য সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তা। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের প্রকাশ্য হিসাবে ১৮ জনের মৃত্যুর তথ্য থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে নিহতের সংখ্যা অন্তত ২২ থেকে ২৩ জন। ১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ হতাহত হিসাব সম্পর্কে অবগত ছয় মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলে তারা এ তথ্য পেয়েছে। তাঁদের পাঁচজন বলেছেন, অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আরেক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৩ বলে জানিয়েছেন

তবে কর্মকর্তাদের দেওয়া ওই সংখ্যার সব মৃত্যু সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধ বা সংঘর্ষে ঘটেছে কি না, তা স্পষ্ট নয়। একজন কর্মকর্তা জানান, প্রকাশ্য হিসাবে না থাকা কয়েকটি মৃত্যু এমন মার্কিন সেনাসদস্যের, যারা চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছিলেন। একই কর্মকর্তা যুদ্ধ শুরুর পর ওই অঞ্চলে অবস্থানরত তিন মার্কিন ঠিকাদারের মৃত্যুর কথাও জানিয়েছেন।

 

অন্যদিকে, শুক্রবার পর্যন্ত পেন্টাগনের প্রকাশ্য ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ বা ডিসিএএসে ইরান সংঘাত শুরুর পর শত্রুতাপূর্ণ ও অশত্রুতাপূর্ণ—উভয় ধরনের ঘটনায় ১৮ মার্কিন সেনাসদস্যের মৃত্যুর তথ্য রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৮ জনের মধ্যে ১৪ জনকে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং চারজনকে ‘ওভারসিজ অপারেশনস’ শ্রেণিতে রাখা হয়েছে।

 

প্রকাশ্য হিসাবের বাইরে থাকা মৃত্যুগুলোর পরিচয়, কখন, কোথায় এবং কীভাবে তারা মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যার এই ব্যবধান নিয়ে প্রশ্ন করা হলেও পেন্টাগন কোনো ব্যাখ্যা দেয়নি।

 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিহত সেনাদের সঠিক হিসাব শুধু জনস্বচ্ছতার বিষয় নয়। কোনো সেনাসদস্য দায়িত্ব পালনকালে মারা গেছেন কি না, তা সামরিক তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্তের ওপর নিহত সেনাসদস্যের পরিবারের জন্য প্রযোজ্য বিভিন্ন সরকারি সুবিধাও নির্ভর করতে পারে।

 

পেন্টাগনের প্রকাশ্য তথ্য অনুযায়ী, ইরান সংঘাত শুরুর পর ৮২০ জনের বেশি মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি পাল্টা হামলায় আহতদের অনেকে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যাসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার হয়েছেন বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

 

এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ও দ্রুত বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত যুদ্ধের ব্যয় প্রায় ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ২৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত গোলাবারুদ পুনঃস্থাপনে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া মার্কিন সামরিক স্থাপনাগুলোর পুনর্গঠনের ব্যয় এতে ধরা হয়নি।

 

চলমান যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ছে।

 

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কও অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদ ২২০-২০৪ ভোটে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে একটি প্রতীকী প্রস্তাব অনুমোদন করে। এতে সাত রিপাবলিকান আইনপ্রণেতা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন।

 

ইরান যুদ্ধের ব্যয় ও হতাহতের হিসাব নিয়ে কংগ্রেসেও প্রশ্ন উঠেছে। মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ পেন্টাগনের কাছে যুদ্ধের ব্যয় ও হতাহত সম্পর্কে আরও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে সেনাসদস্যদের মৃত্যুর তথ্য সরকারি হিসাবের বাইরে থাকার অভিযোগের বিষয়টিও তদন্তের দাবি তুলেছে।

 

তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে করা ২২-২৩ জনের হিসাবের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রত্যাখ্যান করেছেন। রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন। ফলে মার্কিন সেনা নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশ্য হিসাব ও কর্মকর্তাদের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য এখনো অমীমাংসিত রয়েছে।

 

এখন পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী, পেন্টাগনের সরকারি হিসাবে ১৮ জন মার্কিন সেনাসদস্যের মৃত্যুর তথ্য রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলা কর্মকর্তাদের দেওয়া হিসাবে সংখ্যা অন্তত ২২ জন, আর একজন কর্মকর্তা ২৩ জনের কথা বলেছেন। অতিরিক্ত মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত কোন হিসাবটি চূড়ান্ত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স


See More

Latest Photos