রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২৪ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় ১৫ আসামি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেন এবং ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ গুলশানে , ২৪ আসামি কারাগারে
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম। এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজাহার থেকে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকায় কয়েকশ লোকের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় ওই দিনই গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।