রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দিনের বেলায় কুকুরের আতঙ্ক, আর সন্ধ্যা নামলেই শেয়ালের উৎপাত—এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে গ্রামবাসীর। বিশেষ করে শিশু, কিশোর ও বয়স্কদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ধুরইল হাটপাড়া গ্রামের মো. সাইদুলের স্ত্রী বেওয়ারিশ কুকুরের কামড়ে গুরুতর আহত হন। এর পরদিন আজ ১৩ অক্টোবর ধুরইল ইউনিয়নের বিভিন্ন পাড়ায় বেশ কয়েকজন শিশু ও কিশোর শেয়ালের আক্রমণের শিকার হয়ে আহত হয়েছে বলে জানা গেছে। পরপর এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অতিষ্ঠ মোহনপুরের ধুরইল গ্রামের মানুষ,দিনে কুকুর, রাতে শেয়ালের উৎপাত,
গ্রামবাসীর অভিযোগ, দিনের বেলায় বিভিন্ন সড়ক ও পাড়ায় বেওয়ারিশ কুকুরের দল ঘুরে বেড়াচ্ছে। চলাচলের সময় হঠাৎ এসব কুকুর মানুষের ওপর আক্রমণ করছে। অন্যদিকে, সন্ধ্যার পর শেয়ালের আনাগোনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ফলে প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হতে ভয় পাচ্ছেন। শিশুদের একা বাইরে যেতে দিতেও সাহস পাচ্ছেন না অভিভাবকরা।
এ অবস্থায় ধুরইল ইউনিয়নের বাসিন্দারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের আক্রমণে আরও মানুষ আহত হতে পারেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং শেয়ালের আনাগোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন" আমরা ইউএনও মহোদয় এবং প্রানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো কোন ব্যবস্হা গ্রহন করা যায় কি না।