বিপদ-আপদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

Total Views : 28
Zoom In Zoom Out Read Later Print

করোনা বা হামের মতো মহামারি থেকে শুরু করে বন্যা, খরা ও যেকোনো জাতীয় দুর্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের আপামর মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সর্বতোভাবেই এটি একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

রোববার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এ দেশের অবহেলিত ও বিভিন্ন দুর্যোগ-আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও আইনজীবীসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীরা এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে অবদান রাখছেন। গণতান্ত্রিক আন্দোলনে আহত বা পঙ্গুত্ববরণকারীদের কৃত্রিম অঙ্গ সংযোজনসহ পুনর্বাসনের ব্যবস্থা করে সংগঠনটি অনন্য সেবা দিয়ে যাচ্ছে।

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, সরকার প্রধান চলমান সমস্যা ও সংকট মোকাবিলায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এসব জনকল্যাণমুখী নীতি তৃণমূল ও হাসপাতাল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রী ও আমলাদের কঠোরভাবে তদারকি করার তাগিদ দেন তিনি।

প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী জানান, চরম রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃশাসনের মধ্যেও সংস্থাটি হাত গুটিয়ে বসে থাকেনি। ভার্চুয়ালি সায়েন্স এক্সিবিশনের মতো উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে তারা তরুণ ও কিশোর সমাজকে শিক্ষা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজের পরিধি ও জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে, যাতে দেশের মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।

See More

Latest Photos