ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে মধ্যবর্তী নির্বাচনের আগে

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমেছে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার শেষ হওয়া চার দিনের এ জরিপে দেখা গেছে, জ্বালানির বাড়তি দাম ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর প্রভাব আসন্ন নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওপর পড়তে পারে বলে জরিপের ফল ইঙ্গিত দিচ্ছে। জরিপে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, এখনই কংগ্রেস নির্বাচন হলে তাঁরা কোন দলকে ভোট দেবেন। উত্তরে ৪৭ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন করেছেন। অর্থাৎ জাতীয় পর্যায়ের এ জরিপে ডেমোক্র্যাটরা ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। চলতি নির্বাচনী চক্রে এটিই দলটির সবচেয়ে বড় ব্যবধান।

দুই সপ্তাহ আগে রয়টার্স/ইপসোসের আরেক জরিপে ডেমোক্র্যাটদের সমর্থন ছিল ৪৪ শতাংশ এবং রিপাবলিকানদের ৩৭ শতাংশ। সে সময় ব্যবধান ছিল সাত শতাংশ পয়েন্ট। নতুন জরিপে ডেমোক্র্যাটদের ব্যবধান আরও বেড়েছে।

 

তবে জাতীয় পর্যায়ের এ জরিপ দিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ, নির্বাচনের ফল নির্ধারণে রাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিযোগিতায় রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধাও রয়েছে।

 

জরিপে নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থনের ব্যবধান বেশি দেখা গেছে। ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান তুলনামূলক কম।

 

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের সংসার খরচে চাপ সৃষ্টি করেছে।

 

অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে জরিপে। ৬৮ শতাংশ মার্কিন নাগরিক এ বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। তাঁদের মধ্যে ৩৭ শতাংশ নিজেদের রিপাবলিকান দলের সমর্থক বলে পরিচয় দিয়েছেন। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি যোগ্য মনে করেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।

 

রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ বা সিনেটের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য তাঁর মেয়াদের বাকি দুই বছরে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। তবে জরিপের ফল নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্দেশ করে না।

 

অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে ১ হাজার ২৭৯ জন নিবন্ধিত ভোটার। সব অংশগ্রহণকারীর ক্ষেত্রে জরিপের ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট। তথ্যসূত্র: রয়টার্স


বিভাগ : আন্তর্জাতিক

See More

Latest Photos