সউদী আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই শহরকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার (২৪ অক্টোবর) সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে সেগুলোর ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থানে পাওয়া যায়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পবিত্র দুই শহরকে লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে সউদী পক্ষের অভিযোগ সত্য নয়।
পবিত্র মক্কা-মদিনা লক্ষ্য করে হুতিদের হামলার অভিযোগ অস্বীকার
এর আগে শনিবার সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে হুতিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সউদী আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি ছিল। এ ছাড়া অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার ফলাফল সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
অন্যদিকে ইয়েমেনের সউদী-সমর্থিত সরকার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া