৯ মাসে গ্রামীণফোনের আয় ১১,৭৫৬ কোটি টাকা, মুনাফা কমেছে ৪ শতাংশ

Total Views : 52
Zoom In Zoom Out Read Later Print

চলতি বছরের প্রথম নয় মাসে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) আয় ও মুনাফা কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি ১১ হাজার ৭৫৬ কোটি টাকার ব্যবসা করেছে। এ সময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ হাজার ১৭২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯২ কোটি টাকা বা ৪ শতাংশের বেশি কম।

গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন চূড়ান্ত করার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে গ্রামীণফোনের আয় ছিল ১১ হাজার ৯৪৮ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৬ কোটি টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় কমেছে ১৯২ কোটি টাকা বা প্রায় ১ দশমিক ৬ শতাংশ।

এ সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফাও কমেছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে পরিচালন মুনাফা হয়েছে ৪ হাজার ১৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ৪ হাজার ২৯৭ কোটি টাকা। ফলে পরিচালন মুনাফা কমেছে ১০৯ কোটি টাকা।

পরিচালন মুনাফা থেকে কর, ঋণ ও সুদসংক্রান্ত ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লাভ-লোকসান হিসাব করার পর কর-পরবর্তী মুনাফা নির্ধারণ করা হয়। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ঋণ ও সুদ বাবদ গ্রামীণফোনের ব্যয় হয়েছে ৫০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪৫৩ কোটি টাকা। অর্থাৎ এ খাতে ব্যয় বেড়েছে ৫৩ কোটি টাকা।

কর পরিশোধ সামান্য কমেছে

চলতি বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোন সরকারকে কর দিয়েছে ১ হাজার ৫০৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৫১০ কোটি টাকা। ফলে কর বাবদ ব্যয় কমেছে ৭ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে, মুনাফা অপরিবর্তিত

জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক হিসাবও প্রকাশ করেছে গ্রামীণফোন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে প্রায় ৪ হাজার ১৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৪ হাজার ১০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রায় ৭ কোটি টাকা।

তবে এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা অপরিবর্তিত রয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা হয়েছে ৭৫১ কোটি টাকা। গত বছরের একই সময়েও মুনাফার পরিমাণ ছিল ৭৫১ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে আয় সামান্য বাড়লেও মুনাফায় কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, প্রথম নয় মাসের সামগ্রিক হিসাবে আয় ও মুনাফা—দুটিই গত বছরের তুলনায় কমেছে।

সম্পদমূল্য বেড়েছে

আয় ও মুনাফা কমলেও গ্রামীণফোনের সম্পদমূল্য বেড়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাস শেষে কোম্পানিটির স্থায়ী ও অস্থায়ী সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২০ হাজার ২২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯ হাজার ১৩২ কোটি টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ৮৯০ কোটি টাকা।

সব মিলিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের আয় ও পরিচালন মুনাফায় পতন দেখা গেলেও তৃতীয় প্রান্তিকে আয় সামান্য বেড়েছে এবং কর-পরবর্তী মুনাফা অপরিবর্তিত রয়েছে। একই সময়ে কোম্পানিটির সম্পদমূল্যও বৃদ্ধি পেয়েছে।

See More

Latest Photos