ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশের বাজারে। এ দফায় লিটারে তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৭ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে বোতলের সর্বোচ্চ ২০৫ টাকা ও খোলা সয়াবিনের ১৮৫ টাকা দর উঠেছিল। তাই নতুন এই দর প্রায় সাড়ে চার বছর আগের সর্বোচ্চ দরের রেকর্ড ভাঙল।
জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। এবার বাড়ানো হলো লিটারে তিন টাকা। অর্থাৎ তিন দফায় লিটারপ্রতি দাম বাড়ল ১২ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি আগের মতো ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনাতেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই মূল্য সমন্বয়। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা ইস্যু সামনে আনলেও এবার ব্যবসায়ীরা সে রকম জুতসই অজুহাত দাঁড় করাতে পারেননি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়লে বিশ্বের অন্যতম বৃহৎ সূর্যমুখী ও ভোজ্যতেল রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে ভোজ্যতেলের তীব্র সংকট তৈরি হয়। একই সময়ে বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজার সামাল দিতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে সয়াবিন তেলের চাহিদা ও দাম বিশ্ববাজারে অস্বাভাবিক বেড়ে যায়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিনের দর ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দর ৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া খোলা পাম অয়েলের দর বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তাই আসন্ন রমজান উপলক্ষে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ করা দরকার।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সভায়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাজারে বোতলের গায়ে লেখা দরে সয়াবিন তেল কেনা গেলেও খোলা সয়াবিন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।