নির্বাচন-পরবর্তী পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার এক অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-কাফরুল এলাকায় নিজের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণের মাধ্যমে এই ব্যতিক্রমী কার্যক্রমের সূচনা করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে এই পরিচ্ছন্নতা অভিযানের ছবি পোস্ট করে জানানো হয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিকল্পিত এলাকা গড়ে তোলার লক্ষ্যেই আমিরে জামাত এই উদ্যোগ নিয়েছেন। তাঁর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা থেকে প্রচারসামগ্রী সরিয়ে ফেলার কাজে অংশ নেন।
নিজেই রাজপথে পরিচ্ছন্ন নগরী গড়তে জামায়াত আমির
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ডা. শফিকুর রহমান। ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। নির্বাচনে বিজয়ী প্রার্থী ডা. শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট এবং শফিকুল ইসলাম খান (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
নির্বাচনী ডামাডোল শেষে জনদুর্ভোগ লাঘব এবং শহরের সৌন্দর্য রক্ষায় একজন শীর্ষ নেতার সরাসরি রাজপথে নেমে এমন কাজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।