কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে মারুফ (১৮) নামের এক তরুণ।
বিষপান করে প্রেমিকের আত্মহত্যা লক্ষ্মীপুর থেকে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মারুফ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ডাকাতেরপোল এলাকার সবুজ মিস্ত্রি বাড়ির মো. সবুজের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ পেশায় একজন কাঠমিস্ত্রি এবং বাবার সঙ্গেই কাজ করতেন। প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বপ্না নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়, যা উভয় পরিবারই অবগত ছিল। তবে সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
মারুফের খালাতো ভাই মাকছুদুর রহমান জানান, এবারের ঈদে মারুফ ঢাকাতে তার ফুফুর বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় যান। সেখানে গিয়ে দুপুরে প্রেমিকার বাড়িতেই বিষপান করে মারুফ। গুরুতর অবস্থায় প্রেমিকা নিজেই তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। তবে দুপুরে ঘটনাটি ঘটলেও রাত ওই তরুণীই ফোন করে মারুফের বাবাকে তার মৃত্যুর সংবাদ দেন বলে জানান মাকছুদ।
এদিকে ছেলের এমন অকাল মৃত্যুর খবর আসার পর থেকেই মারুফের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন নির্বাক।
কান্নায় ভেঙে পড়ে স্বজনরা জানান, সামান্য মোবাইল ফোনের পরিচয়ে এভাবে জীবনটা শেষ হয়ে যাবে তা তারা কল্পনাও করেননি। মারুফের লাশ আনতে তার দুই জেঠা ও নিকটাত্মীয়রা ইতোমধ্যে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান স্বজনরা।
এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ওসি ফরিদুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।