থাইল্যান্ডের চিকিৎসায় নির্ভরতা কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বিএনএইচ হাসপাতালের

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

থাইল্যান্ডের উন্নত চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল বাংলাদেশি রোগীদের দেশেই সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেবা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ব্যাংককের বিখ্যাত বিএনএইচ (BNH) হাসপাতাল। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এই সেবা বাংলাদেশে সম্প্রসারণের লক্ষে কাজ করতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ।


গতকাল ১৯ এপ্রিল (রবিবার) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক প্রটোকল অফিসার ড. মোঃ ফরিদুল ইসলামের সাথে বিএনএইচ হাসপাতালের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা বাংলাদেশে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক মিস্টার এ্যাপিচাই (Mr. Apichai)। তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্পাইন বিশেষজ্ঞ ড. অর্থিত হংভেনিট (Dr. Arthit Hongvanit), ওভারসিস মার্কেটিং ম্যানেজার মিস জেরিন্যা জিউজিন্দা (Miss Jarinya Jiwjinda) এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিজ এনগুয়েন থাই হুয়াং গিয়াং (Miss Nguyen Thi Houng Giang)।

বৈঠকে ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, "দেশ ও জনগণের কল্যাণে সহায়ক যেকোনো ইতিবাচক অংশীদারিত্বকে বর্তমান সরকার স্বাগত জানাতে চায়। চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের স্বাস্থ্য খাতের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।"

বিএনএইচ হাসপাতালের সহকারী পরিচালক মিস্টার এ্যাপিচাই তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিগত বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি রোগী তাঁদের হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তিনি বলেন, "আমাদের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের প্রকৃত স্বাস্থ্যগত প্রয়োজনগুলো বোঝা এবং তাঁদের জন্য সেবার মান আরও সহজলভ্য ও উন্নত করা। আমরা বাংলাদেশের সাথে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।"

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশি রোগীদের থাইল্যান্ড যাওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং দেশেই উন্নত প্রযুক্তির উন্নত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।

See More

Latest Photos