বিশেষ প্রতিনিধি: দেশ পরিচালনায় প্রথম ১০০ দিনেই পর্যটন খাতকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে সামনে এনেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার পর্যটন শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উচ্চপর্যায়ের ‘পর্যটনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ সফল হলে দেশের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২১ মে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা ২৩ মে গেজেট আকারে প্রকাশিত হয়। ১৭ সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকছেন অর্থমন্ত্রী। কমিটিতে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিবেশ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত, পার্বত্য চট্টগ্রাম, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানও কমিটির সদস্য হিসেবে রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, নতুন সম্ভাবনা চিহ্নিতকরণ এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকারকে নীতিগত পরামর্শ দেবে এই কমিটি। এছাড়া পর্যটন খাতের সমস্যা, সীমাবদ্ধতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণেও কাজ করবে তারা।
পর্যটন খাতে বড় উদ্যোগ, ১০০ দিনে নতুন দিগন্ত খুলতে চায় সরকার