নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ইয়াবাসহ গ্রেফতার

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি'র জেলা গোয়েন্দা শাখা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফসেরের ছেলে জিগির আলীকে (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়েজ আহমেদ শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এছাড়া, তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা যায়। 

এ সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

See More

Latest Photos