বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ লাগাবেন আর্জেন্টিনাআর্জেন্টিনা সমর্থকেরা

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

বিশ্বজুড়ে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যখন তুঙ্গে। তখন নোয়াখালীর সুবর্ণচরে প্রিয় দলের প্রতি ভালোবাসাকে পরিবেশ রক্ষার অঙ্গীকারে রূপ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা।

গতকাল শনিবার বিকেলে তারা সুবর্ণচরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। তাদের সংগঠনের নাম ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ৪০ হাজার গাছ রোপণ করবেন তারা।

সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। আলোচনায় অংশ নেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল দলের দুই শতাধিক সমর্থকের মধ্যে ১০টি করে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


উদ্যোক্তারা জানান, বিশ্বকাপ উন্মাদনার ইতিবাচক জোয়ারকে কাজে লাগিয়ে তারা তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে চান। প্রকৃতি ও গাছের সঙ্গে মিশে থেকে মানুষের মনোবল বৃদ্ধি ও পরিবেশকে আরও মনোরম করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে সুবর্ণচরকে সবুজে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সমর্থকেরা।

কর্মসূচিতে ৫০টি ভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বক্স বাদাম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকী, ডালিম, বেল ও ঔষধি গুণের নিমগাছ। সংগঠনের নিয়ম অনুযায়ী, প্রত্যেকে সর্বোচ্চ ১০টি করে চারা সংগ্রহ করতে পারছেন। কমপক্ষে ২০০ সমর্থকের মধ্যে এই চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রকলির পক্ষ থেকে জানানো হয়, কেবল বিশ্বকাপ নয়, তারা যেকোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করে, যেমন বিয়ে, জন্মদিন কিংবা কারও মৃত্যুবার্ষিকীতে স্মারক বৃক্ষরোপণ। এমনকি মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া শিশুদের পরিবারকে গত পাঁচ বছরে তারা প্রায় দুই হাজার চারা উপহার দিয়েছে। শুষ্ক মৌসুমে তারা তালিকা তৈরি করে রাখে এবং বর্ষা আসা মাত্রই সেসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চন্দ্রকলির সভাপতি শাখাওয়াত উল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা যদি এবারের বিশ্বকাপ জেতে, তবে দেশজুড়ে তার সংগঠনের উদ্যোগে আরও ৪০ হাজার গাছের চারা রোপণ করা হবে।


See More

Latest Photos