ঢাকার ব্যস্ত কোনো সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। চারপাশে গাড়ির হর্ন, বাসের শব্দ কিংবা বাতাসের তীব্রতায় আওয়াজের কারণে অনেক সময় নিজের কথা স্পষ্টভাবে বলা বা অপর প্রান্তের কথা ঠিকমতো শোনা কঠিন হয়ে পড়ে। তবে প্রযুক্তির অগ্রগতিতে এই পরিচিত সমস্যার সমাধানও ধীরে ধীরে সহজ হচ্ছে। রাস্তাঘাটের কোলাহল কমেনি, কিন্তু স্মার্টফোন এখন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে।
এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু ছবি এডিটিং বা চ্যাটবটের মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন যোগাযোগেও এর ব্যবহার বাড়ছে। এর অন্যতম উদাহরণ হলো এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। ফোনে কথা বলার সময় এটি চারপাশের অপ্রয়োজনীয় শব্দ যেমন গাড়ির হর্ন, বাতাস বা ভিড়ের আওয়াজ আলাদা করে শুধু ব্যবহারকারীর গলার আওয়াজকে প্রাধান্য দেয়। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও ফোনের দুই প্রান্তে কথোপকথন অনেক বেশি স্পষ্ট থাকে।
এই প্রযুক্তি বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী কিংবা নিয়মিত বাইরে চলাফেরা করেন এমন সবার জন্যই বেশ কার্যকর। ব্যস্ত সড়কে দাঁড়িয়ে অফিসের জরুরি কল করা, যাতায়াতের সময় অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো ফোনালাপ চালিয়ে যাওয়া এখন আগের তুলনায় অনেক সহজ।
একসময় স্মার্টফোন বেছে নেওয়ার ক্ষেত্রে প্রসেসরের গতি, ক্যামেরা বা ব্যাটারির দিকেই বেশি নজর দেওয়া হতো। এখন ব্যবহারকারীর বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এমন অনেক ফিচার যুক্ত হচ্ছে, যেগুলো হয়তো প্রথম দেখায় চোখে পড়ে না, কিন্তু প্রতিদিনের ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে