বিশেষ প্রতিনিধি: রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর চলাচলের পথ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদে ধারাবাহিক অভিযান চালানোর পাশাপাশি দখলদারদের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি ও হামলাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযানে হামলার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আরও কঠোর বার্তা দিয়ে বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে ‘আমার লাশের ওপর দিয়ে হলেও’ ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলবে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীর ফুটপাত দখলের বিরুদ্ধে ডিএনসিসির কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ডিএনসিসি প্রশাসক বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে যারা নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হামলা মেনে নেওয়া হবে না। সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রশাসক বলেন, উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১০-এর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। তদন্তের ভিত্তিতে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুটপাত দখলমুক্ত করতে কঠোর ডিএনসিসি, ছাড় নয় দখলদারদের