পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটি ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা অপরিহার্য। উন্নত দেশগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত, পূর্বাভাসযোগ্য ও সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর ব্লু জোনে ‘জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ‘জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি থেকে শোভন কর্মসংস্থান : সবার জন্য ন্যায়সংগত রূপান্তর এগিয়ে নেওয়া’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখার সময় মন্ত্রী এসব কথা বলেন।
ঋণের বোঝা নয়, প্রয়োজন জীবিকা রক্ষা ও ন্যায্য রূপান্তর
পরিবেশমন্ত্রী বলেন, বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, যা তাদের ওপর ঋণের বাড়তি বোঝা সৃষ্টি করবে না। জলবায়ু বিষয়ক কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে জীবিকা রক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ‘ন্যায্য রূপান্তর’ বলতে কেবল স্বল্প-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াই বোঝায় না, বরং এর পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষা, সহনশীলতা জোরদার এবং পরিবেশগতভাবে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকেও বোঝায়। এ প্রক্রিয়ায় কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা যাবে না বলে তিনি গুরুত্বারোপ করেন।
সরকারের লক্ষ্যমাত্রা ও উন্নয়ন পরিকল্পনা
মন্ত্রী জানান, বাংলাদেশ তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায়সংগত রূপান্তরবিষয়ক একটি পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় অন্তর্ভুক্ত করেছে। সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রণীত এই অধ্যায়ের লক্ষ্য হলো জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করা।
আলোচনায় পরিবেশমন্ত্রী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা ও কর্মসূচি তুলে ধরেন:
নবায়নযোগ্য জ্বালানি: ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি: পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
খাল খনন: কৃষি, মৎস্য, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা জোরদারে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা
আবদুল আউয়াল মিন্টু বলেন, ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের মতো খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থায় রূপান্তর সহজ করতে সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের রূপান্তরের ফলে বিদ্যমান কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
আন্তর্জাতিক অঙ্গীকার ও প্যানেল আলোচনা
প্যারিস চুক্তির অধীন পক্ষগুলোর সম্মেলন (সিএমএ)-এর নির্দেশনায় দেশভিত্তিক চাহিদা ও অনুরোধের ভিত্তিতে একটি ন্যায়সংগত রূপান্তর প্রক্রিয়া (জাস্ট ট্রানজিশন মেকানিজম) প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থানের কথা জানান মন্ত্রী। এ প্রক্রিয়ায় স্বল্পোন্নত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিমাপযোগ্য সুফল বয়ে আনার মতো বাস্তব কার্যক্রমে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় কমিশন যৌথভাবে আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা (আইওই), আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইউএনএফসিসিসি-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। আইএলওর পলিসি কোহেরেন্স হাবের পরিচালক মুস্তাফা কামাল গুইয়ের সঞ্চালনায় এতে কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিতিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহেলদিন, আদিবাসী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থার নির্বাহী পরিচালক জোয়ান কার্লিং এবং নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।