calendar_today সোমবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপ-প্রধান ◆ লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি গ্রেফতার ◆ ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির ◆ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা ◆ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ◆ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◆ বড় সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে পুলিশ ◆ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভায় বসছে মজুরি বোর্ড ◆ ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ?
home হোম / জাতীয় / ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে প্রধান অ্যাজেন্ডা হিসেবে রাখার সুপারিশ করেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৬:১৮
history আপডেট: ১ ঘণ্টা আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই কমিটিকে ‘একদলীয়’ হিসেবে আখ্যায়িত করেছে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ দাবির কথা জানান। আওয়ামী নাশকতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে।’

জাতীয় ঐক্যের রূপরেখা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান রাখতে হবে। এ জন্য ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম অ্যাজেন্ডাভুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়া ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি এবং যেভাবে গণভোটের রায় এসেছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছি।’

গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো চালিয়ে যেতে হচ্ছে। গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না এবং দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে; যার শিকার হচ্ছেন সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতা-কর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব। পতিত আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তাঁর জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বৈঠকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।