রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে এবং তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।