রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। সে সময় আদালতে করা আবেদনে বলা হয়েছিল, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং এদের সঙ্গে আর্থিক যোগসূত্র থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা থাকায় নানাবিধ দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ এবং অবৈধ অর্থ আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।