calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা ◆ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার ◆ বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
home হোম / আন্তর্জাতিক / কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা

রাজধানী সান হোসের উপকণ্ঠে মোটরসাইকেল আরোহীদের গুলিতে নিহত হন ৫০ বছর বয়সী এই স্বাধীন সাংবাদিক; এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য কলঙ্ক আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ • সকাল ১১:৪৮
history আপডেট: ১৩ ঘণ্টা আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিকদের কথিত যোগসাজশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা কোস্টারিকার স্বাধীন সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাজধানী সান হোসের উপকণ্ঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির।

পুলিশপ্রধান রাউল রিভেরা জানান, সান্তো দোমিঙ্গো দে এরেদিয়া শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি চালায়।

৫০ বছর বয়সী রদ্রিগেজ এর আগে মাদক পাচারকারী চক্রের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সম্রাটদের পুরো নাম প্রকাশ করতেন। পাশাপাশি মাদক পাচারকারীদের সঙ্গে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএকে (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) তথ্য ও প্রতিবেদন দিয়েছেন বলেও দাবি করেছিলেন।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় লরা ফার্নান্দেজের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন রদ্রিগেজ। সেখানে তিনি দাবি করেন, এক মাদক পাচারকারীর দেওয়া অর্থে ফার্নান্দেজের বাড়ি নির্মিত হয়েছে। এ অভিযোগের পর ফার্নান্দেজ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। রদ্রিগেজ হত্যার ঘটনায় দেওয়া এক ভিডিও বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘তার বক্তব্যের বিষয়বস্তু যা-ই হোক না কেন, আজ আমাদের দেশে যা ঘটেছে, তা মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি কলঙ্ক।’

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন রদ্রিগেজ। তবে কারিগরি কারণে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন বাতিল করে। এ ছাড়া নিজের সাবেক স্ত্রীর বিরুদ্ধেও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। অন্যদিকে, তার সাবেক স্ত্রী অভিযোগ করেছেন, রদ্রিগেজ তাদের সন্তানদের যৌন নির্যাতন করেছেন।

রদ্রিগেজ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে কোস্টারিকার সাংবাদিক সমিতি। একই সঙ্গে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। সাংবাদিক সমিতির সভাপতি ইয়ানানসি নোগুয়েরা এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত পাওয়া সব তথ্য-প্রমাণই ইঙ্গিত করছে, কোস্টারিকায় ভিন্নমত প্রকাশকারী একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ওই সাংবাদিক দেশে সংঘবদ্ধ অপরাধচক্রের কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করতেন।’

সাম্প্রতিক বছরগুলোতে কোস্টারিকা মাদক পাচারের ট্রানজিট রুট থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম সরবরাহ ও পরিচালনাকেন্দ্রে পরিণত হয়েছে। এর ফলে মধ্য আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিতি হারিয়েছে দেশটি। গত মে মাসে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ নির্বাচনী প্রচারে অপরাধ ও সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ক্ষেত্রে এল সালভাদরের কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট নায়িব বুকেলের নীতিকে অনুসরণ করছেন বলেও জানিয়েছেন তিনি।

কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ সাংবাদিক হত্যার ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রদ্রিগেজ বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় ছিলেন। এর আগে তাকে সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।