আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ সফরে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হচ্ছে। বিশেষ করে মিশনমোড় এবং আশপাশের সড়কে রং করার পাশাপাশি সড়ক বিভাজকগুলো সাজানোর কাজ চলছে। এদিকে জেলা শহরের কালেক্টরেট মাঠে বড় প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে প্রথমেই তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একটি জনসভায় যোগ দেবেন। পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সফরে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তবে কোন কোন প্রকল্প বা উদ্যোগের ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।