আবারও বড় অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিলেন বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এসব সংস্থার নেতৃত্বে আছেন তাঁর তিন সন্তান।
গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বাফেট এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, ৬০ বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট রয়েছে।
বার্কশায়ারের শেয়ারহোল্ডারদের উদ্দেশে পাঠানো বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান ৯৬ বছর বয়সী বাফেট। চারটি সংস্থা হলো—সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন। এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন এসব দাতব্য সংস্থায় বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে মোট ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার। বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটারের বয়স যথাক্রমে ৭৩, ৭১ ও ৬৮ বছর। তবে এখনো বার্কশায়ারের প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিকানা বাফেটের হাতেই রয়েছে।
শুধু নিজের পরিবারের দাতব্য সংস্থায় নয়, অতীতে বাইরের প্রতিষ্ঠানেও দান করেছেন বাফেট। ২০০৬ সাল থেকে বিল গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দান করেছিলেন তিনি। তবে বিল গেটসের সঙ্গে প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর গত বছর সেই দান বন্ধ করে দেন বাফেট। যদিও এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য একাধিকবার অনুশোচনা করেছেন গেটস।
সন্তানদের ওপর আস্থা ও বার্কশায়ারের বর্তমান পরিস্থিতি বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন বাফেট। সাধারণত কোম্পানির প্রতিষ্ঠাতা, বড় কর্তা ও পরিচালকদের দীর্ঘদিনের অবদান ও প্রভাবের স্বীকৃতি হিসেবে এ সম্মানসূচক পদ দেওয়া হয়।
বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানায় রয়েছে গাড়ির বিমা প্রতিষ্ঠান জিকো, রেলপথ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএনএসএফ এবং জ্বালানি, শিল্প ও খুচরা বিক্রয় খাতের বিভিন্ন ডজনখানেক ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া গত সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির হাতে বিভিন্ন কোম্পানির ৩৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার ছিল। এসব বিনিয়োগের মধ্যে উল্লেখযোগ্য হলো—গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল ও কোকা-কোলা।
চলতি মাসে বার্কশায়ারের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় ওঠে। গ্রেগ অ্যাবেল প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। এ সময়ে বার্কশায়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি ডলার।
বার্তায় বার্কশায়ারের প্রয়াত সাবেক ভাইস চেয়ারম্যান চার্লি মাঙ্গারের কথাও স্মরণ করেন বাফেট। ২০২৩ সালে মারা যাওয়া মাঙ্গার সম্পর্কে গত বছরের বার্তায় তিনি বলেছিলেন, মানুষের প্রতি সদয় হওয়ার আর্থিক প্রাপ্তি নেই, কিন্তু এর মূল্য অপরিসীম।
উল্লেখ্য, বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট তাঁর সম্পদের ৯৯ ভাগ দান করার ঘোষণা দিয়েছেন এবং অনেক দিন থেকেই ধারাবাহিকভাবে তা করে আসছেন। এমনকি মৃত্যুর পর তাঁর সম্পদের কী হবে, সে বিষয়েও তিনি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন।