মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও তীব্র করে তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান এবার এমন শক্তি প্রয়োগ করবে যা ওয়াশিংটন ও তেল আবিব আগে কখনো অনুভব করেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লারিজানি বলেন, "গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তারা সেই আঘাতের ক্ষত টের পেয়েছে। আজ আমরা তাদের ওপর এমন প্রচণ্ড শক্তিতে আঘাত হানব, যা তাদের অভিজ্ঞতায় আগে কখনো ছিল না।"
ইরানের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নজিরবিহীন শক্তি দেখানোর
মজার ব্যাপার হলো, লারিজানির এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পাল্টা হুমকিরই প্রতিধ্বনি। এর আগে ট্রাম্পও ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে তার জবাব দেবে যা বিশ্ব আগে কখনো দেখেনি।
দুই দেশের শীর্ষ পর্যায়ের এই অনমনীয় অবস্থান এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে।