গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ লংমার্চ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
১১ দলের প্রেস ব্রিফিং ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি, কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না, এ কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা আশা করি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে তা বাস্তবায়ন করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি জননেতা মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ দলীয় ও জোটের নেতৃবৃন্দ।