পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে

Total Views : 26
Zoom In Zoom Out Read Later Print

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন রেখেছেন আদালত। ২০২১ সালে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে র‌্যাব। গত ২৯ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন এবং শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনে তিনি বলেন, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে।

এ কারণে তিনি আদালতে আসতে পারেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করে পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেয়ার আবেদন করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি জানান। মোয়াজ্জম হোসেন বলেন, মামলাটি অভিযোগ গঠনের জন্য আছে। আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থণা করছে, যা অগ্রহণযোগ্য। পরে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম পরীমনির আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ রাখে। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।


See More

Latest Photos