ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদক জেলায় কালোজাদু চর্চার সন্দেহে নিজের মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কারে দুর্গেশ (২১) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম কারে সায়াম্মা (৪০)। তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
কালোজাদুর সন্দেহে মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তেলেঙ্গানায় ছেলে আটক
শনিবার (১০ অক্টোবর) জেলার টেকমাল মণ্ডলের এলুপেট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্গেশ তাঁর মায়ের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই সায়াম্মার মৃত্যু হয়।
গ্রামবাসীর মৃত্যুর জন্য মাকে দায়ী করতেন
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুর্গেশের সন্দেহ ছিল তাঁর মা কালোজাদু বা অলৌকিক শক্তির চর্চা করেন। কয়েক বছর আগে গ্রামে ঘটে যাওয়া একাধিক মৃত্যুর জন্যও তিনি মাকে দায়ী করতেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্গেশ পেশায় অটোরিকশাচালক। ঘটনার প্রায় ১০ দিন আগে তিনি হায়দরাবাদ থেকে নিজের গ্রামে ফিরেছিলেন। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের পাশাপাশি কালোজাদু নিয়ে তাঁর সন্দেহও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
কালোজাদুর অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ
আল্লাদুর্গ সার্কেলের পুলিশ পরিদর্শক এম রেণুকা জানিয়েছেন, তদন্তে নিহত নারী কালোজাদু বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললেও তাঁরা কেউ সায়াম্মার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করেননি।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জোগিপেটের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুর্গেশকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।