পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।
‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।
গরুর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন গরুর ওপর হাত না তোলে বা গরুর ক্ষতি না করে। পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ঘটনা ঘটলে তাঁর চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সীমান্তে অবৈধ কার্যক্রম নিয়েও হুঁশিয়ারি
জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন শুভেন্দু। তিনি বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম ঠেকাতে সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না।
এ ছাড়া যাঁদের তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন, তাঁদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেন তিনি।
একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপরও গুরুত্বারোপ করেন বিজেপির এই নেতা।
জনসভায় দেওয়া বক্তব্যে গোহত্যা, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব আইন—এসব বিষয়কে সামনে আনেন শুভেন্দু অধিকারী।